নাগরিক ঐক্য বাংলাদেশের একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। দলটি ২০১২ সালের ১ জুন প্রতিষ্ঠিত হয়। দলটির প্রতিষ্ঠাতা বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান মান্না। দলটি ২০১২ সালে ৩ জন উপদেষ্টা ও ১৮৬ জনের কেন্দ্রীয় কমিটি নিয়ে আত্মপ্রকাশ করে। ৩ উপদেষ্টার মধ্যে একজন হলেন সাংবাদিক এ বি এম মূসা, আরেকজন হলেন মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ সরকার, অপর উপদেষ্টা হলেন সাবেক আওয়ামী লীগ নেতা, সাবেক সচিব ও সাংসদ এস এম আক্রাম।
দলটির প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় কমিটিতে ছিলেন ড. পিয়াস করিম, সিনিয়র সাংবাদিক আবু সাঈদ খান, ড. তুহিন মালিকসহ আরও অনেক বিশিষ্ট নাগরিক, রাজনৈতিক ব্যক্তিত্ব ও বীর মুক্তিযোদ্ধা। দলটি গণতন্ত্র মঞ্চের অন্যতম শরিক।
২রা সেপ্টেম্বর ২০২৪ তারিখে দলটি নির্বাচন কমিশনে নিবন্ধিত হয় এবং দলের জন্য কেটলি প্রতীক বরাদ্দ করা হয়। দলের নিবন্ধন নম্বর ৫২।